ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি বলেন, এই সফরের ফলে বাংলাদেশ-ভারত সম্পর্কে বিদ্যমান টানাপোড়েন কমবে কি না—তার উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। একই সময়ে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও ঢাকায় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের প্রতিনিধিরাই এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর ছিল সংক্ষিপ্ত, তবে তিনি পুরো অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এটিকে একটি সৌজন্যমূলক ও ইতিবাচক উদ্যোগ হিসেবেই দেখা উচিত, এর বাইরে অতিরিক্ত ব্যাখ্যা খোঁজা ঠিক হবে না।
তিনি আরও বলেন, জয়শঙ্করের সঙ্গে তার কোনো একান্ত বৈঠক হয়নি। অন্যান্য বিদেশি অতিথির উপস্থিতিতে কেবল সৌজন্যবোধের কথাবার্তাই হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক বা রাজনৈতিক কোনো আলোচনার সুযোগ ছিল না।
দুই দেশের সম্পর্কের ওপর এ সফরের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত টানার জন্য আরও সময় প্রয়োজন। ভবিষ্যতেই এর উত্তর মিলবে।
খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও একজন গ্রহণযোগ্য ও সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। দল-মতের ঊর্ধ্বে তার প্রতি যে শ্রদ্ধা রয়েছে, সেটাই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।