প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা-দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আযম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা। এ সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তাকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জীবনপঞ্জি অনুযায়ী, মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর শিক্ষা নেন। ১৯৫৯ সালের ১৩ জুন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়ে ইঞ্জিনিয়ারিং কোরে যোগ দেন এবং ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে কাশ্মীরের আখনুর সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি মেজর জেনারেল পদে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময় তিনি জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শিক্ষাখাতেও তার অবদান উল্লেখযোগ্য—১৯৮৯ সালে টাঙ্গাইলে আদর্শ কলেজ এবং ১৯৯৩ সালে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা