প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতাকে ‘ইসলামী জোট’ মানতে নারাজ ১০১ আলেম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত নির্বাচনী জোটকে ইসলামী জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না বলে মত দিয়েছেন ১০১ জন আলেম। তাদের বক্তব্য, কেবল নির্বাচনী সমঝোতার ভিত্তিতে—ঈমান ও আকিদার প্রশ্নে আপস করে—গঠিত কোনো জোটকে ইসলামী রাজনৈতিক জোট বলা ইসলামসম্মত নয়। ঈমান-আকিদাই সর্বাগ্রে—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তারা সাধারণ মুসলমান ও তাওহিদি জনতাকে বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দাওয়াতুল ইহসান বাংলাদেশের প্রচার সম্পাদক মাহদী হাসানের পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, তথাকথিত এই নির্বাচনী সমঝোতাকে ‘ইসলামী জোট’ আখ্যা দিয়ে জনমনে ভুল ধারণা তৈরি করা হচ্ছে।

আলেমদের ভাষ্য অনুযায়ী, যারা নবীদের ইসমত (নিষ্পাপত্ব) স্বীকার করে না এবং সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড হিসেবে মানে না—তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়া ইসলামী চিন্তা-চেতনার পরিপন্থী। এ ধরনের সমঝোতা কখনোই প্রকৃত ইসলামী ঐক্য হতে পারে না।

বিবৃতিতে তারা জানান, সম্প্রতি ‘জামায়াতের নেতৃত্বে সমমনা ইসলামী জোট’ নামে একটি রাজনৈতিক জোট গঠনের খবর পাওয়া গেছে। উম্মাহর দ্বীনি স্বার্থ ও আকিদাগত স্বচ্ছতা রক্ষার দায়িত্ববোধ থেকেই তারা তাদের আপত্তির বিষয়গুলো স্পষ্ট করছেন।

প্রথমত, কোনো জোটের নামের সঙ্গে ‘ইসলাম’ বা ‘ইসলামী’ শব্দ যুক্ত থাকলেই তা শরিয়তের দৃষ্টিতে ইসলামী রাজনৈতিক জোট হয়ে যায় না। ইসলামী জোটের মৌলিক শর্ত হলো—আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার, কোরআন-সুন্নাহ ও সালফে সালেহীনের মানহাজ অনুসরণ এবং দ্বীনবিরোধী আপস থেকে পূর্ণ দূরত্ব।

দ্বিতীয়ত, দেওবন্দী আকিদা ও মানহাজে বিশ্বাসী কোনো সংগঠন আহলে সুন্নাতের পরিপন্থী মতাদর্শে বিশ্বাসী দলের সঙ্গে ঐক্য গঠন করতে পারে না। এতে আকিদাগত বিভ্রান্তি বাড়ে এবং সাধারণ মুসলমানদের মাঝে ভুল বার্তা পৌঁছায়।

তৃতীয়ত, ইসলামী রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের কৌশল হতে পারে না। বরং তা হতে হবে দ্বীন রক্ষা, শরিয়তের মূল্যবোধ প্রতিষ্ঠা, বাতিল চিন্তাধারার মোকাবেলা এবং উম্মাহর ঈমান-আকিদা সংরক্ষণের দায়িত্বশীল মাধ্যম। আকিদার প্রশ্নে আপস করে গড়া কোনো জোট ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করতে পারে না।

আলেমরা স্পষ্ট করে বলেন, উক্ত ‘সমমনা ইসলামী জোট’কে তারা ইসলামী রাজনৈতিক জোট হিসেবে স্বীকৃতি দেন না। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী আলেম-উলামা, দ্বীনি সংগঠন ও সচেতন মুসলমানদের এ বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষরকারী আলেমদের মধ্যে রয়েছেন আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কুরাইশী, পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ, শায়েখ জিয়াউদ্দিন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মুফতি রশিদুর রহমান ফারুকসহ দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান আলেম-উলামা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা