প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কারা খালেদা জিয়ার আসনে বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রয়াত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যেসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই সংশ্লিষ্ট আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত বা প্রার্থী নির্ধারণ নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মনোনয়ন বৈধ থাকলে তারাই দলের প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে আইনে কোনো সুযোগ নেই। সাধারণত মনোনয়ন চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর এমন পরিস্থিতি তৈরি হলে আইনি জটিলতা দেখা দিতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সে ধরনের কোনো বিধান প্রযোজ্য নয়।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, যেহেতু মনোনয়নপত্র বৈধতা যাচাইয়ের আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, তাই তার মনোনয়ন বাতিল হওয়াই স্বাভাবিক। এ অবস্থায় বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ হলেই তারা নির্বাচনে অংশ নেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা। ব্যক্তিগত শোকের মধ্যেও জাতির স্বার্থে তাকে দৃঢ় ও স্থির থাকতে হবে—এটাই রাজনৈতিক বাস্তবতা।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তার অসুস্থতার কারণে আগেই এসব আসনে বিকল্প প্রার্থী নির্ধারণ করা হয়। ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুর পর এখন তারাই সংশ্লিষ্ট আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা