প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার অনুমোদন পেল বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

দীর্ঘদিনের আলোচনা ও যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ সংগ্রহের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিমানের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বশেষ বোর্ড সভায় বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হলে বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে।

বিমান সূত্র জানায়, প্রস্তাবিত ১৪টি উড়োজাহাজের মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ মডেলের বিমান। নতুন এসব উড়োজাহাজ বহরে যুক্ত হলে আন্তর্জাতিক রুটে সংযোগ বৃদ্ধি পাবে এবং বিমানের সামগ্রিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

সূত্র আরও জানায়, ২০২৫ সালের ২৪ নভেম্বর বোয়িং উড়োজাহাজ বিক্রি ও সরবরাহ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠায়। পরে ২০ ডিসেম্বর সংশোধিত খসড়া চুক্তি জমা দিলে তা পরিচালনা পর্ষদের বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। প্রস্তাবিত মূল্য ও শর্ত নিয়ে আলোচনা শেষে আনুষ্ঠানিক আলোচনায় এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড সভায় সদস্যরা জানান, ভবিষ্যৎ যাত্রী চাহিদা, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিমান খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে রাষ্ট্রীয় ও বাণিজ্যিক—দুই ক্ষেত্রেই বিমানের কার্যক্রম আরও বিস্তৃত হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। একই সময়ে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও প্রস্তাব নিয়ে তৎপরতা চালালেও শেষ পর্যন্ত বোয়িংয়ের প্রস্তাবই নীতিগতভাবে অনুমোদন পায়।

সব ধরনের অনুমোদন ও আর্থিক ব্যবস্থা চূড়ান্ত হলে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই করা হবে এবং পর্যায়ক্রমে নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা