বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা মো. নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। মরহুমের বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা জানান দলের স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ বিএনপির একদল নেতা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এক বিবৃতিতে জানায়, বুধবার রাতে রাজধানীর শান্তিনগরে মরহুম নিরব হোসেনের বাসায় যান বিএনপির নেতারা। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনে আহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা মো. নিরব হোসেন বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের বাসায় সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. এ কে এম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, জানাজার সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন নিরব হোসেন। পরে তার মৃত্যু হয়। প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার স্থায়ী বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় এবং ঢাকায় তিনি শান্তিনগর এলাকায় বসবাস করতেন।