প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একীভূত পাঁচ ব্যাংকে নতুন বছরের প্রথম দিন থেকেই স্বাভাবিক লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

নতুন বছরের শুরু থেকেই একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা পাঁচটি ব্যাংকের গ্রাহকরা স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন। একই সঙ্গে দীর্ঘদিন পর জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন আমানতকারীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাংক শাখাগুলোতে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের বহু শাখায় নতুন নামে সাইনবোর্ড ও ব্যানার টানানো হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, আজ থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। গ্রাহকরা টাকা জমা দেওয়ার পাশাপাশি আমানত সুরক্ষা আইনের আওতায় দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন।

দীর্ঘ অপেক্ষার পর টাকা তুলতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ধানমন্ডি শাখার একজন গ্রাহক বলেন, জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ পাওয়ায় তিনি স্বস্তি অনুভব করছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি নির্দিষ্ট স্কিম চূড়ান্ত করা হয়েছে। যাদের হিসাবে দুই লাখ টাকা পর্যন্ত জমা রয়েছে, তারা সম্পূর্ণ অর্থ একবারে তুলতে পারবেন। আর দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তোলনের সুযোগ থাকবে।

বিশেষ বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সী ও গুরুতর রোগে আক্রান্ত গ্রাহকদের জন্য বাড়তি সুবিধাও রাখা হয়েছে। তারা প্রয়োজনে নির্ধারিত সীমার বাইরে গিয়েও অর্থ তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, একীভূত হওয়ার আগের সব চেকবই, ডিপোজিট স্লিপ ও ব্যাংকিং কাগজপত্র আপাতত বৈধ থাকবে। ফলে গ্রাহকদের নতুন করে কোনো কাগজপত্র পরিবর্তনের প্রয়োজন নেই।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই একীভূতকরণ প্রক্রিয়া ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে একটি গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ। নতুন ব্যবস্থাপনায় সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা