সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে এই শোকের সময়ে পাশে দাঁড়ানো দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগময় স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি তার মা, জীবনের প্রথম শিক্ষক এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই কঠিন সময়ে দেশের মানুষের বিপুল উপস্থিতি ও সহমর্মিতা তাকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী, পরিবার-পরিজন ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আপ্লুত হয়েছেন।
তারেক রহমান আরও লেখেন, যেভাবে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, তা প্রমাণ করে—বেগম খালেদা জিয়া শুধু একজন সন্তানের মা নন, বরং অনেক অর্থেই তিনি ছিলেন পুরো জাতির মা।
তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি এবং বিভিন্ন দেশের পাঠানো শোকবার্তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
শোকের এই সময়ে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করেন। তারেক রহমান লেখেন, এত মানুষের ভালোবাসায় মনে হচ্ছে, ব্যক্তিগত শোক পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবারে পরিণত হয়েছে।
তিনি বলেন, তার মা সারাজীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সেই দায়িত্ব ও আদর্শকে ধারণ করে তিনি প্রতিশ্রুতি দেন—যেখানে তার মায়ের পথচলা থেমে গেছে, সেখানে তিনি সেই যাত্রা এগিয়ে নিতে চেষ্টা করবেন।
স্ট্যাটাসের শেষাংশে তারেক রহমান তার মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার রেখে যাওয়া ভালোবাসা, ত্যাগ ও উদারতার আদর্শ থেকে জাতি যেন শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা পায়—এই দোয়া করেন।