প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর ‘ভিত্তিহীন’: নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

ভারতের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গোপন বৈঠক হয়েছে—এমন দাবি করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।

বৃহস্পতিবার (সকাল ৯টা ১৯ মিনিটে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

ডা. শফিকুর রহমান জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক জানতে চান—প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না। এর উত্তরে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর দেশি-বিদেশি অনেকেই সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেই সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুইজন কূটনীতিকও তাকে দেখতে এসেছিলেন।

তিনি বলেন, অন্যান্য কূটনীতিকদের মতো তাদের সঙ্গেও স্বাভাবিক সৌজন্য বিনিময় হয়েছে। এ সময় তিনি বিষয়টি প্রকাশ্যে জানানোর কথা বললেও সংশ্লিষ্ট ভারতীয় কূটনীতিকরা সেটি তখন প্রকাশ না করার অনুরোধ করেন।

জামায়াত আমির আরও বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে জানানো হবে এবং এতে গোপনীয়তার কিছু নেই।

দেশীয় কিছু গণমাধ্যমে ‘গোপন বৈঠক’ শিরোনামে সংবাদ প্রকাশে বিস্ময় প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, প্রকৃত তথ্য না জেনে এমন সংবাদ পরিবেশন দুঃখজনক। তিনি এ ধরনের সংবাদকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার অনুরোধ জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা