প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মালিবাগ–মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬

রাজধানীর মালিবাগ–মৌচাক ফ্লাইওভারে ভোররাতে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

নিহতদের মধ্যে একজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) এবং অপরজন মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।

 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিং এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হলেও তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন। অপর নিহত ইয়াসিন আরাফাত আশিক দক্ষিণ মুগদার বাসিন্দা। তিনি সম্প্রতি সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা