বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়।
এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাখো মানুষ চোখের জলে, দোয়া ও নীরব শোকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান।
জানাজার সম্মুখসারিতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানকে সান্ত্বনা দেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের জমায়েত ছড়িয়ে পড়ে জাহাঙ্গীর গেট, মিরপুর রোড, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও মগবাজার পর্যন্ত। মাইকের আওয়াজ যেখানে পৌঁছেছে, সেখানেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানাজায় শরিক হন মানুষ। অনেকের চোখে অশ্রু, আবার কেউ নীরবে প্রার্থনায় মগ্ন ছিলেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজা পরিচালনা করেন। জানাজায় আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।
শীত উপেক্ষা করে আগের রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন। বুধবার দুপুর গড়াতেই সেই জমায়েত রূপ নেয় ইতিহাসের এক বিশাল শোকাবহ জনসমাবেশে।