প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইল-৫ (সদর) আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

 

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিক।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

 

তার মৃত্যুতে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একই আসনের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে এবং ২০১২ সালের উপনির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা