প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

 

দাফন কার্যক্রমে অংশ নেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুটা দূরত্বে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান সিঁথিসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাফন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

 

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। সেনা ও নৌবাহিনীর সদস্যরা মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে সমাধিস্থলে পৌঁছান এবং ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন সম্পন্ন করা হয়।

 

তারও আগে দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ লাখো মানুষ অংশ নেন। জানাজার আগে তারেক রহমান মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

 

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগা বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪৩ বছর এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরশাদবিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা