প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাস্তায় জমে থাকা মাটি নিয়ে শঙ্কা: কুয়াশা ও হালকা বৃষ্টিতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫

যশোর–বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তায় জমে থাকা মাটির কারণে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে। হালকা বৃষ্টি ও ঘন কুয়াশার সময় এসব মাটি কাদায় পরিণত হয়ে সড়ক পিচ্ছিল হয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

 

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়কের ওপর পুরু মাটির স্তর জমে রয়েছে। কোথাও কোথাও রাস্তার পিচ সম্পূর্ণভাবে ঢেকে যাওয়ায় চালকদের জন্য সড়কের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ছে।

বিশেষ করে ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে। কুয়াশা ও হালকা বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। এতে মোটরসাইকেল আরোহী, পথচারীসহ সাধারণ মানুষ চরম ঝুঁকির মধ্যে চলাচল করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত রাস্তায় জমে থাকা মাটি অপসারণ এবং নিরাপদ যান চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন স্বদেশ বাংলাকে বলেন , “ইতোমধ্যে ইটভাটা মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধভাবে মাটি বহনের মাধ্যমে যারা রাস্তার ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভাটার আশপাশের যে সকল রাস্তা রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট ভাটা মালিকদের নিজ দায়িত্বে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা