প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সকাল সকাল সংসদ ভবন এলাকায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জানাজা উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে মরদেহবাহী কফিন রাখা হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

 

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বশীল প্রতিনিধি, বিদেশি কূটনীতিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে।

 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই সময় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, ফানুস ওড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। একই সঙ্গে উচ্চ শব্দে হর্ন বাজানোসহ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

খালেদা জিয়ার মরদেহ বহনের জন্য ডিএমপি একটি নির্ধারিত রুট ঘোষণা করেছে। এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে গুলশানের ফিরোজা, এরপর বিমানবন্দর সড়ক ও বিজয় সরণি অতিক্রম করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হবে মরদেহ।

 

জানাজায় অংশগ্রহণ সহজ করতে আজ অতিরিক্ত মেট্রোরেল সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বেগম খালেদা জিয়ার জানাজা পরিচালনা করবেন। এদিকে, তার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মঙ্গলবার রাত থেকেই মানুষের ঢল নেমেছে।

 

বিএনপি মহাসচিব শোকের এই দিনে নেতাকর্মীদের শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা