বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ফিরোজায় প্রবেশ করে।
এর আগে সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে হাসপাতাল থেকে মরদেহ বের করা হয়। এ সময় হাসপাতাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মরদেহ বহনকারী গাড়িবহরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
ফিরোজায় পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার উদ্দেশ্যে নেওয়া হবে।
জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
এদিকে, জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মীরা বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে ঢাকার দিকে ছুটে আসেন প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখার জন্য।