প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিরোধী দুর্গে তারেক জিয়ার সময়োপযোগী আঘাত

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

২৫ ডিসেম্বর হতে দেশের রাজনৈতিক মতাদর্শ ও রাজনীতি যাচ্ছে কোন পথে। তা গভীর ভাবে দেখার এখনি সময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠার পর হতেই একে একে পালটে যাচ্ছে আগেকার সব দৃশ্যপট। উনার বসার জন্য রাখা স্পেশাল চেয়ার শুরুতেই সরিয়ে ফেলতে হলো। নেই তার দীর্ঘ বক্তব্য। যতটুকুন সময় বক্তব্য রেখেছেন, সেখানেও ছিলোনা দেশের সেই চিরচেনা অন্যান্য দল/নেতাদের বিরুদ্ধে বিষেদাগার।

জনতার প্রতিও নেই ওয়াদা দেয়ার ফুলঝুরি। যাই দিয়েছেন বক্তব্য, সেটাও শুধুমাত্র দেশ বিনির্মানের কলা কৌশল। বক্তব্য মাত্র ১৬ মিনিট। দীর্ঘ ১৭বছর পর দেশের মাটিতে লাখো মানুষের উপস্থিতিতে, তিনি ১৭ মিনিটও দিলেন না বক্তব্য। কিন্তু এই ১৬ মিনিটের গঠনমূলক বক্তব্যে ভিত নড়ে গেলো, এতদিন আশায় বুকবাঁধা বহু রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের। তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ করে করা, বিএনপি আয়োজিত লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ জনতার উচ্ছ্বাস উপেক্ষা করেও সে নিজেকে মাত্রাতিরিক্ত উচ্ছ্বসিত হতে বিরত রাখতে পেরেছেন। এরকমটা নিঃসন্দেহে উনার অত্যন্ত দূরদর্শী রাজনীতির পরিচয় বহন করার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে।তারেক জিয়া নিজের জাত পরিচয় রাখতে সক্ষম হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনেকটাই অনুসরণ করতে পেরেছেন।

বৃহৎ একটি জনসসমাবেশের স্থল কিছুটা নোংরা হবে, অতিরিক্ত মানুষের চাপে কিছুনা কিছু সেই স্থানের ক্ষতি সাধন হতেই পারে। এতে নিন্দুকেরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ঝাপিয়ে পড়েছিলো, তা কয়েক ঘন্টার মধ্যেই বিএনপির নিতীনির্ধারকদের যুগান্তকারী সিদ্ধান্তে বুমেরাং হয়ে যায়। চুপসে যায় নিন্দুকের দল। শুধুমাত্র সমাবেশ স্থলেই না,তিনি যেখানেই যাচ্ছেন গণমানুষের দল বিএনপি বেশ সুশৃঙ্খলভাবে তা সামলিয়ে নিচ্ছে। বিশেষ করে তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করা ব্যক্তিকে অন্তবর্তী সরকার ৫৪ ধারায় গ্রেফতারের যে কালো নজির স্থাপন করল,সেখানেও দলীয়ভাবে বিএনপি ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এটা দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে রবে। গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা হবে। এটাই বাক স্বাধীনতা। গণতন্ত্রর এটাই মূল সৌন্দর্য। বিএনপি যতো বেশি গণ মানুষের বাক স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের সহযোগী হতে পারবে, ততো বেশিই বিএনপি আপামর জনসাধারণের প্রাণের দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। বিএনপির প্রতি এমনিতেই এই দেশের বৃহদাংশ মানুষের আস্থা রয়েছে। বিভিন্নভাবে যতটুকুন আস্থা নষ্ট হয়েছে,সেটা উত্তোরন এখন সময়ের ব্যপার মাত্র। বিমানবন্দরে তারেক জিয়াকে লাখ লাখ নেতাকর্মী গিয়ে অভ্যর্থনা জানানোর ঘোর বিরোধী ছিলাম আমি। কিন্তু তার একের পর এক সিদ্ধান্ত আমাকে করেছে মুগ্ধ। এই ধারা অব্যাহত থাকলে নিশ্চিত বিরোধী পক্ষ গুলোর শিবিরে প্রচন্ড বেগে আঘাত করার মতোই হবে, তারেক জিয়ার নির্বাচনী ময়দানে সময়পযোগী ভয়ানক রাজনৈতিক কৌশল।

যে কৌশলের জোয়ারে লণ্ডভণ্ড হয়ে যাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কৌশল। আমি এটাকে ভয়ানক কৌশল বলতে বুঝাচ্ছি, তারেক জিয়ার দৃঢ়তা ও দক্ষতা তথা পরিপক্কতা। এই পরিপক্কতা বিরোধী মতাদর্শদের রাজনীতিবিদ শিবিরে,রিতীমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর ধারা অব্যাহত থাকবে সেটাই এই দেশের মানুষের প্রত্যাশা।

এবার আসি মূল কথায়,নেতা থাক যেথায় সেথায়, সাধারণ নেতাকর্মীরা থাকে মাঠপর্যায়ে। সুতরাং এদের নীতি নৈতিকতা ও নেতার আদর্শ লালন এবং বাস্তবায়ন হলো এখন এক বড় ফ্যক্টর। এরা যদি উল্টো পথে হাঁটে তাহলে সব কৌশলই ভেস্তে যাবে। তাহলে কী করতে হবে? ২৪ পরবর্বতী যারা দলে ভিড়েছে তাদেরকে পেছনের সারিতেই রাখতে হবে। নির্ভীক ও ত্যাগী নেতাকর্মীদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। স্থানীয় পর্যায়ে আপদকালীন যে সকল নেতা তাদের কর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও কারাবন্দী, নির্যাতিত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান দিয়ে দলের জন্য তাদেরকে উজ্জীবিত রেখেছিলেন,সেই সকল নেতাদের চিহ্নিত করে সর্বোচ্চ মূল্যায়ন করা সময়ের দাবি। সব কিছুর মূলেই আর্থিক সঙ্গতি। যুদ্ধ ক্ষেত্রে জয়ী হওয়ার জন্য যেমন প্রচুর ডলার প্রয়োজন, ঠিক তেমনি টাকা ছাড়াও স্বৈরাচার বিরোধী আন্দোলন টিকিয়ে রাখা হত দায়।

টাকা হলো আন্দোলনের অন্যতম নিয়ামক শক্তি। সেই সঙ্গে মাঠপর্যায়ের যেসব নেতাকর্মী গণবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত হবে,তাদের বিরুদ্ধেই দলীয় ও আইনিপদক্ষেপ নিয়া উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। মিথ্যার প্রলেপ দেয়া আশ্বাস গত ৫৫ বছর মানুষ শুনতে শুনতে বিরক্ত। তাই জনগণ চায় চাক্ষুষ শাস্তি। বিপথগামী ব্যক্তি দলের যে পর্যায়ের অবস্থানেই থাকুক না কেন, শাস্তি যেনো এড়াতে না পারে। এটা নিশ্চিত করতে হবে। বিএনপিকে বিপক্ষ দলগুলোর প্রতি আরো সহনশীল হতে হবে। অপেক্ষাকৃত ছোট ছোট রাজনৈতিক দলগুলো সবসময় জনগণের কাছে বড় বড় দলগুলোর, ছোট্ট ভুলত্রুটিও বিশালাকার করে তুলে ধরার চেষ্টা করে। সুবিধা আদায়ে এটাই তাদের বিশেষ হাতিয়ার।

তাই এসব ভূইভোড় দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধাচারণ আমলে না নিয়ে, বরং ঠান্ডা মাথায় অত্যন্ত কৌশলে নিবারণ করতে হবে। প্রায় ১৭ বছর স্বৈরাচার ক্ষমতায় থাকাকালীন, অনেকেই ইচ্ছা অনিচ্ছায় তাদের দোসরদের সঙ্গে বিভিন্ন সামাজিক, পারিবারিক অনুষ্ঠানে মিলিত হতে হয়েছে। দেশটা ছোট। তাই একে অপরের সঙ্গে ছবি থাকাটা অমূলক নয়। এই নিয়ে বিএনপির কোন নেতাকর্মীর প্রতি আড় চোখে তাকানো, সেটা হবে তার প্রতি চরম অবিচার। বরং যারা স্বৈরাচারের সঙ্গে আতাত করে দিব্যি টাকা কামিয়ে গেছে,কিন্তু দলের অসহায় নেতাকর্মীদের প্রতি খেয়াল রাখেনি – এরকম সুবিধাভোগীদেরকে চিহ্নিত করে দলীয়ভাবে পেছনের সারিতে ফেলে রাখাটাই হবে ওদের জন্য উপযুক্ত শাস্তি। দল যদি স্থানীয় পর্যায়ের ত্যাগী কর্মী ও দুর্দিনে আর্থিক সহায়ক নেতাদের যথোপযুক্ত মূল্যায়ন না করতে পারে, তাহলে আবারো বিএনপি দুর্দশায় নিমজ্জিত হবার সম্ভাবনা বেশিই বেশি।

হাইকামন্ডের যে সব নেতা এখনো পর্যন্ত ভারত প্রিতি ও তুচ্ছতাচ্ছিল্য বক্তব্য দেয়া হতে বের হয়ে আসতে পারেনি, তাদেরকে দলের ভেতর নিষ্ক্রিয় করা অতিব জরুরী। মোদ্দা কথা এই দেশের জনগণ এখন আর হুমকি ধমকি আর ভারত প্রতি পছন্দ করে না। জনগণ ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে।

বাংলাদেশের আমজনতা বীরের জাতি, তারা কারো আধিপত্য সহ্য করতে পারে না। অন্তত নিকট ইতিহাস তাই বলে। সুতরাং নির্বাচনী ময়দানে জয়ী হতে হলে গণমানুষের মেজাজ মর্জী প্রাধান্য দেয়া ছাড়া, আর কোন বিকল্প নাই। যেখানে তারেক জিয়ার ভয়ানক কারিশমাও মুখথুবড়ে পড়ার সমূহ সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না। সুতরাং নেতার আদর্শ কর্মীদেরকেও ধারণ করতে হবে।

এমনিতেই বেশ কয়েকটা সমমনা দল ভিন্ন জোটে ভিড়ে যাচ্ছে। এতে বিএনপির নির্বাচনী পালে তেমন বাঁধা হতে পারবে না। এরপরেও একেবারে আবার হেলাফেলা করা যাবে না। পঁচা শামুকেও পা কেটে পঁচন ধরে। সুতরাং সব মিলিয়ে এবারের নির্বাচন অতোটা সহজ হবে না। বিএনপিকে আরো একটি ব্যপারে এখনি সিদ্ধান্ত নিতে হবে, দেশে একের পর এক সংঘটিত মব প্রতিহত যে অন্তর্বর্তী সরকার করতে পারে না- সেই সরকারের অধীনে নির্বাচন কতটা সুষ্ঠু হবে! এটা এখন আমজনতার এক বিরাট প্রশ্ন। এর উত্তর বিএনপিকেই খুঁজতে হবে। কারণ দেশি-বিদেশি অশুভ এক অদৃশ্য শক্তি বিএনপিকে দাবিয়ে রাখতে মরিয়া। যথাসময়ে নির্বাচন হলো ঠিকই, কিন্তু দিনের ভোট আবারো যদি আগের রাতেই হয়ে যায় – তাহলে সেটা হবে দেশ ও জাতির জন্য অত্যন্ত করুণ পরিণতি। সুতরাং সবার আগে এখন বিএনপিকে ভাবতে হবে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা সম্পর্কে।

এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ইতোমধ্যে অদক্ষতা, দুর্নীতি ও বৈষম্য সৃষ্টির অভিযোগ উঠে এসছে। আলোচিত হত্যাকাণ্ড ওসমান শরিফ হাদির খুনি নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়।শীর্ষস্থানীয় গণমাধ্যম গুলোর অফিসে হামলা ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়। সেই অন্তর্বর্তী সরকার দ্বারা জাতীয় নির্বাচনের মত একটি বিশাল আয়োজন কীভাবে সম্ভব হবে নির্বিঘ্নে করার। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা কি দিতে পারবে অন্তর্বর্তী সরকার। ভয় ডরহীন নির্বিঘ্ন স্বতঃস্ফূর্ত একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষে অতিশীঘ্রই সর্বদলীয় সরকার গঠনের বিকল্প নাই। দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার হতে বঞ্চিত। এবার যোগ হয়েছে নতুন প্রজন্মের প্রচুর ভোটার। যদি এবারো সুষ্ঠু নির্বাচন ভেস্তে যায়,তাহলে রাজনৈতিক দল গুলোর জন্য অপেক্ষা করছে এক মহা প্রলয়। সেই প্রলয়ের তীব্রতা এতোটাই প্রকট হয়ে উঠতে পারে,সেখানে রাজনীতিবিদদের পক্ষে সামাল দেয়াত দূরে থাক – উল্টো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যেতে পারে। তাই দেশ ও জাতির বৃহৎ স্বার্থে দেশের রাজনৈতিক দল গুলোকে,এখনি অন্তর্বর্তী সরকারের ব্যপারে সিদ্ধান্ত যা নেয়ার তা নিয়ে নিতে হবে। কালক্ষেপণ করার মত পর্যাপ্ত সময় ও সুযোগ এখন আর কোনটাই নেই। পরিশেষে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা করি, দেশ ও জাতির বৃহৎ স্বার্থে দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে – আসন্ন ত্রোয়দশ নির্বাচনের টেকসই রুপরেখা জাতির সামনে তুলে ধরবে।

লেখকঃ জাভেদ হাকীম, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক

 

[ মন্তব্য কলামে প্রকাশিত লেখা লেখকের নিজস্ব। এতে সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় না। লেখার দায় লেখকের নিজস্ব]

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা