প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার স্মৃতিচারণে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের আবহ। প্রয়াত এই নেত্রীর প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবারের সব ম্যাচ স্থগিত করেছে।

এদিন বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসে খালেদা জিয়ার সঙ্গে নিজের স্মৃতির কথা তুলে ধরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের পর দেওয়া এক সংবর্ধনার স্মৃতি আজও তার মনে গেঁথে আছে।

বুলবুল জানান, মিন্টো রোডে অনুষ্ঠিত সেই সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে তিনি অনিচ্ছাকৃতভাবে খালেদা জিয়াকে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেছিলেন, যদিও তিনি তখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করেন তিনি। বুলবুলের ভাষায়, সেটিই ছিল আইসিসি ট্রফি উপলক্ষে তার শেষ আনুষ্ঠানিক আয়োজন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার হাত থেকেই জীবনের অন্যতম বড় অর্জন—রাষ্ট্রীয় সম্মান গ্রহণ করেছিলেন তিনি। ক্রিকেটে ভালো করলে দলকে দাওয়াত দেওয়া, খেলাধুলা নিয়ে আগ্রহ দেখানো—এসবের মধ্য দিয়ে তিনি ক্রীড়াবান্ধব মানসিকতার পরিচয় দিয়েছিলেন বলে উল্লেখ করেন বিসিবি সভাপতি।

ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে বুলবুল বলেন, খালেদা জিয়ার সঙ্গে তার দু’বার সরাসরি কথা বলার সুযোগ হয়েছিল। একবার পদক গ্রহণের সময়, আরেকবার আইসিসি ট্রফির সংবর্ধনার পর ডিনার অনুষ্ঠানে, যেখানে খেলাধুলা নিয়ে আলোচনা হয়েছিল।

দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে তার অবদানের কথাও তুলে ধরেন বুলবুল। তিনি বলেন, খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বকালে ২০০৪ সালে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন হয়, যার ফলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভেন্যু গড়ে ওঠে। খেলোয়াড় হিসেবে সে সময় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।

শেষে বিসিবি সভাপতি বলেন, দেশ আজ এক জাতীয় নেতাকে হারিয়েছে। তার বিদায়ে ক্রীড়াঙ্গনসহ পুরো জাতি শোকাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই বেদনা সহ্য করার শক্তি দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা