সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। সম্ভাব্য নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারি আলোচনায় থাকলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাতীয় শোক দিবস পালনের কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে। তবে আপাতত কোনো দিন চূড়ান্ত হয়নি, যদিও ৯ জানুয়ারি সম্ভাব্য সময় হিসেবে বিবেচনায় রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিব জানান, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি দ্রুত জানিয়ে দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বুধবার নির্বাহী আদেশে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।