প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে বিক্ষোভে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচন স্থগিতের ঘোষণার পরপরই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভে ফেটে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৯টার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা জকসু আমার অধিকার, রইস না জকসু জকসু চাই , দালালদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না সহ নানা স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী জকসু নির্বাচন স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তার আগেই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আসে। এর ফলে ভোটকেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন থাকলেও নির্বাচন কার্যক্রম শুরু হয়নি।

প্রসঙ্গত, ২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পরও আইনি জটিলতার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ আন্দোলনের পর গত ২৮ অক্টোবর জকসুর নীতিমালা প্রণয়ন করা হয় এবং ৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথমে ২২ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত হলেও ভূমিকম্পজনিত কারণে তা পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়।

নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে ভোট আয়োজনের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা