সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ সহজ করতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে অতিরিক্ত মেট্রো রেল সার্ভিস চালু থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের সুবিধার্থে নিয়মিত সময়সূচির পাশাপাশি বিশেষ মেট্রো ট্রেন পরিচালনা করা হবে, যাতে জানাজায় অংশ নিতে আগত মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার বাদ জোহর দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর ‘জিয়া উদ্যানে’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।