সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সরকার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় ওইদিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে ব্যাংক হলিডে পালন করা হবে।
তবে বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী-২০২৫ সংক্রান্ত জরুরি কার্যক্রমের প্রয়োজনে সংশ্লিষ্ট শাখা বা বিভাগ ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে খোলা রাখা যেতে পারে বলেও চিঠিতে জানানো হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এক দিনের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং কার্যক্রম ও আদালতের কার্যক্রম পরিচালনা বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং সুপ্রিম কোর্ট প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেবে।