বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার শেষকৃত্যের প্রস্তুতি শুরু করেছে দল ও পরিবার। বিএনপি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন।