প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার জীবনের পথে পথে সংগ্রাম ও নেতৃত্বের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

১৯৪৫ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বৃহত্তর দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তাঁর পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার। শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের মুদিপাড়া গ্রামে।

 

দিনাজপুর সরকারি স্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন তিনি। পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শুরু করলেও সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর আর শিক্ষাজীবন এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। রাষ্ট্রীয় নথিতে তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্বশিক্ষিত’ উল্লেখ রয়েছে।

 

১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি দুই সন্তানসহ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি হন এবং ১৯৭১ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে আটক ছিলেন।

 

রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও বিএনপির নেতৃত্ব গ্রহণ করে অল্প সময়েই নিজেকে দেশের শীর্ষ রাজনৈতিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। আপসহীন অবস্থানের কারণে তিনি পরিচিতি পান ‘আপসহীন নেত্রী’ হিসেবে।

 

১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। পরে ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য এবং ২০০১ সালে জোট সরকারের নেতৃত্ব দিয়ে তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার, পরবর্তী সময়ে , আবার নির্বাহী আদেশে মুক্তি—সব মিলিয়ে তাঁর জীবন ছিল আন্দোলন ও সংগ্রামে ভরা। বর্তমানে বিভিন্ন মামলায় জামিনে থাকলেও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন।

 

একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী এবং শক্তিশালী রাজনৈতিক দলের নেতৃত্বে পৌঁছানো খালেদা জিয়ার উত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় হয়ে থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা