অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’তে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।
দলীয় সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা-১০ সংসদীয় আসন (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরে চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়।