প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুর-৪ আসনে বিএনপি নেতা ও তার স্ত্রীসহ নয় প্রার্থীর মনোনয়ন দাখিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা বেড়েছে। এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বিএনপি নেতা ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সরিষাবাড়ী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামানের কাছে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তার সহধর্মিণী মেহেরজান আরা তালুকদার।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মোহাম্মদ মামুন অর রশীদ জোয়াদ্দার, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, সিপিবির মাহবুব জামান জুয়েল, নাগরিক ঐক্যের কবীর হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা