আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট আসন হিসেবে পরিচিত জামালপুর-২ (ইসলামপুর উপজেলা) নির্বাচনী এলাকায় জোর প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনী মাঠে প্রার্থীদের তৎপরতা বাড়তে থাকায় এলাকায় আলোচনা-উদ্দীপনাও তীব্র হচ্ছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জামালপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. অধ্যক্ষ মো. ছামিউল হক ফারুকী। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পুরো প্রক্রিয়ায় তার সঙ্গে ছিলেন ইসলামপুর উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তি ও ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ড. ছামিউল হক ফারুকী শুধু নির্বাচনী সময়েই নয়, দীর্ঘদিন ধরেই নীরবে ও নিষ্ঠার সঙ্গে জামালপুর-২ আসনের মানুষের পাশে রয়েছেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।
সাধারণ ভোটারদের ভাষ্য, দলীয় পরিচয়ের চেয়ে তার সততা, মানবিক কাজ ও জনগণের কল্যাণে নিরলস প্রচেষ্টাই তাকে এগিয়ে রেখেছে। তাদের মতে, মানুষের সেবার মাধ্যমেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।