আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
মনোনয়ন দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) গাজীপুর-১ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মো. শাহ আলম বকশি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাবেক জেলা প্রশাসক মো. শাহ আলম বকশি নিজেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা সেক্রেটারি ও গাজীপুর-১ আসনের নির্বাচন পরিচালক মো. শফিউদ্দিন।
মনোনয়ন দাখিলকালে কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমির মো. বেলাল হোসেন সরকারসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে এবং প্রার্থীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।