ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুই আসন মিলিয়ে মোট ১১ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দৌড়ে নামলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন শরীফুজ্জামান শরীফ। একই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব, এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এবং এনসিপির প্রার্থী মোল্লা এহসান ফারুক মনোনয়ন জমা দিয়েছেন।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ নেতা মাহমুদ হাসান খান বাবু মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমীর রুহুল আমিন মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নুর হাকিম, এবি পার্টির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জহুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় নিজ নিজ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক তৎপরতা চোখে পড়ে।
মনোনয়ন জমা শেষে প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দুই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সোমবার বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।
অপরদিকে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।