তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির নিবন্ধিত অফিস ও ফ্যাক্টরি বাঁশিল, কাঠালী, ৬ নম্বর ভালুকা ইউনিয়ন পরিষদ, ভালুকা, ময়মনসিংহে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ ইঞ্জিনিয়ার মো. একরামুল হক কার্য বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। তিনি ভবিষ্যতেও কোম্পানির সাফল্য ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ারহোল্ডাররা ফিজিক্যালি ও ভার্চুয়ালি এজিএমে অংশগ্রহণ করে ২০২৪-২০২৫ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। এর মধ্যে ১১ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
এজিএমে আরও উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, পরিচালক মুহসীনিনা সারিকা একরাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রুহুল আমিন এফসিএমএ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, কোম্পানি সচিব মো. মহিউদ্দিন সরদার, সিএফও মুশতাক আহমদ এবং হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. মাহফুজুর রহমান।