আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন ঘিরে প্রশিক্ষণসহ সার্বিক প্রস্তুতিতে বিজিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫ উপলক্ষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সময় খুব বেশি নেই। প্রায় ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে নির্বাচন যাতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে বিজিবিকে প্রশিক্ষণ, শৃঙ্খলা ও প্রস্তুতি জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে উৎসবের রূপ দিতে বিজিবির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাহিনী পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে বিজিবির সাহসিকতা ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার অবদান কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি একটি গৌরবময় ঐতিহ্যবাহী বাহিনী হিসেবে সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। সরকারের পক্ষ থেকে বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো কর্মকর্তা বা সদস্য যদি মাদক পাচার কিংবা চোরাকারবারে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সীমান্তে সতর্কতা বাড়াতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত দক্ষতার সঙ্গে সমস্যা মোকাবিলা করতে হবে। একই সঙ্গে বাহিনীর শৃঙ্খলা, প্রশিক্ষণ ও সদস্যদের কল্যাণ—এই তিনটি বিষয় সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বিজিবি দিবসের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়। পরবর্তীতে ২৯ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।