ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার আগ মুহূর্তে জন্মেজয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন খুলে সরিয়ে ফেলায় ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারাকান্দি থেকে ছেড়ে আসা ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ বিভাগের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রেললাইনের একটি বড় অংশ খুলে ফেলে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।”
এদিকে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রেললাইনের নাট খুলে ফেলার আলামত পাওয়া গেছে। এটি নাশকতামূলক কাজ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।