প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে সরে দাঁড়িয়ে শুভকামনা জানালেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-১১ সংসদীয় আসন (রামপুরা–বাড্ডা–ভাটারা–হাতিরঝিল আংশিক) নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর আসন সমঝোতার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের পর আসনটিতে জামায়াতের মনোনীত প্রার্থী আতিকুর রহমান নাহিদ ইসলামের প্রতি শুভকামনা জানিয়েছেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া, দীর্ঘ প্রচারণা কার্যক্রম এবং নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, “ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ।”

তিনি জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর প্রায় ১০ মাস ২২ দিন ধরে ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে কাজ করেছেন। ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থাকার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আতিকুর রহমান আরও বলেন, এই দীর্ঘ সময়ে সহযোদ্ধারা অনেক ত্যাগ স্বীকার করেছেন—রাত জেগে পোস্টার লাগানো থেকে শুরু করে টানা প্রচারণায় অংশ নেওয়া পর্যন্ত। তাদের সবার জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নারী সহযাত্রীদের অবদানের কথাও বিশেষভাবে তুলে ধরেন।

সবশেষে, প্রচারণা চলাকালে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারও কষ্ট হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা