বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানিয়েছেন, আগামী জানুয়ারিতেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে—এমন আশাবাদ রয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের ব্যবসায়ী সমাজ নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।
সাংস্কৃতিক ও শিক্ষাগত যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে।
এছাড়া পাকিস্তানের বিভিন্ন শীর্ষ হাসপাতালে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য বাংলাদেশ থেকে রোগীদের যাতায়াত বাড়ছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও একাডেমিক সহযোগিতা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন হাইকমিশনার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে বাড়তে থাকা যোগাযোগকে স্বাগত জানান। তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ সহজীকরণ এবং জনগণের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ড. ইউনূস আশা প্রকাশ করেন, হাইকমিশনার ইমরান হায়দারের মেয়াদকালে বিনিয়োগ ও যৌথ ব্যবসার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।