প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঘন কুয়াশায় বরিশাল-ঢাকাসহ সব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা নৌরুটসহ অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়। হঠাৎ এই ঘোষণায় নদীবন্দরে অপেক্ষমাণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিএ বরিশালের উপপরিচালক মো. আসাদুজ্জামান জানান, নদীপথে দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় ঘাটে নোঙর করা লঞ্চে অবস্থানরত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সোলায়মান জানান, রোববার বরিশাল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বরিশালগামী মোট আটটি লঞ্চ চলাচলের কথা ছিল। তবে কুয়াশার কারণে রাতের বেলায় নদীপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় নৌ অধ্যাদেশ অনুযায়ী চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ঘন কুয়াশার প্রভাবে রোববার সকাল থেকে বরিশালে সূর্যের দেখা মেলেনি। সড়ক ও হাটবাজারেও মানুষের উপস্থিতি ছিল কম। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজার্ভার মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও কুয়াশার কারণে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কোথাও কোথাও দৃষ্টিসীমা ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা