ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ইদারা মাদ্রাসা সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই দুই পুরুষ যাত্রী নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আজমিরী আমরিন (২০) নামে এক নারী মারা যান। নিহতদের মধ্যে আছেন— মো. মিজান (৩৮), রিয়াজ উদ্দিন, ও আজমিরী আমরিন। আহতরা হলেন তাজল (৪০), ফারহান (১৪) ও খান আজিম।
দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে পড়ে থাকলেও চালক পালিয়ে যায়। বোরহানউদ্দিন ইউএনও ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক মেরামতের পরও অপ্রতুল সতর্কতা ও সিএনজিচালকদের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।