বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যকে দৃঢ়ভাবে নাকচ করেছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে এ মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতা-বিকৃত বলে আখ্যা দেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান, ভারতের কিছু মহল সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়াচ্ছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক। তিনি এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে তুলে ধরেছে। বাংলাদেশ সরকার যেকোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত কিংবা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে, যা দেশের প্রকৃত পরিস্থিতিকে বিকৃতভাবে উপস্থাপন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কিছু বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগত নিপীড়ন হিসেবে তুলে ধরার অপচেষ্টা করা হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দেওয়া হচ্ছে এবং এমনকি বাংলাদেশের কূটনৈতিক মিশন ও স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের পক্ষ থেকে যেসব ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে, তার একটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন একজন তালিকাভুক্ত অপরাধী। চাঁদাবাজির সময় ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা মুসলিম সহযোগীকে পরবর্তীতে আটক করা হয়েছে। এ ধরনের অপরাধকে সংখ্যালঘু নির্যাতনের রূপ দেওয়া সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বাস্তবতাবিরোধী বলে মন্তব্য করা হয়।
বাংলাদেশ সরকার সতর্ক করে বলেছে, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থার জন্য ক্ষতিকর। সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা।