জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দলের কয়েকজন নেতার পদত্যাগে সংগঠনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দলের ভেতরে যা কিছু ঘটছে, সবই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন জানান, আসন সমঝোতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়েছে, তবে নির্বাচনী আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা এখনো শেষ হয়নি।
এর আগে সকালে আখতার হোসেন আদালতে হাজির হন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা পৃথক দুটি মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
তার আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক জানান, শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আখতার হোসেনের পক্ষে জামিন আদেশ দেন।