বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রম শুরু করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন।
কার্যালয়ে পৌঁছালে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, কেন্দ্রীয় নেতারা, পাশাপাশি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফেরার পর তার রাজনৈতিক কার্যক্রম শুরু হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।