প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

 

এর আগে গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হিসেবে তিনি এই দায়িত্ব নিলেন।

 

সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসেবে ২০২৮ সালের ১৭ মে তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে এবং প্রায় আড়াই বছর পর তিনি অবসর গ্রহণ করবেন।

 

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রয়াত বিচারপতি এএফএম আবদুর রহমান চৌধুরী ও বেগম সিতারা চৌধুরীর সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন।

 

তার কর্মজীবন শুরু হয় ১৯৮৫ সালে জজকোর্টে আইনজীবী হিসেবে। ১৯৮৭ সালে তিনি হাইকোর্ট বিভাগে আইন পেশায় অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে স্থায়ী বিচারক হন। সর্বশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা