প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আ.লীগ সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের প্রতিও ভোটের আহ্বান জানান।

 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

হারুনুর রশীদ বলেন, “এখানে এমন অনেকেই আছেন, যারা অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। এখন সেই রাজনৈতিক বাস্তবতা নেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাই—আমাকে সমর্থন দিন এবং ব্যাপক ভোটে নির্বাচিত করুন।” তিনি বলেন, অতীতেও শক্ত প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে প্রমাণ দিয়েছেন যে তিনি এই এলাকার মানুষের আস্থাভাজন।

 

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন বর্তমানে জামায়াতের একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তারা বিপুল অর্থ ব্যয় করছে এবং নানা কর্মসূচি চালাচ্ছে। তবে ব্যবসায়ী সমাজসহ সব শ্রেণির মানুষের সহযোগিতা পেলে তিনি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবেন।

 

বিএনপির এই নেতা জানান, জেলার উন্নয়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প পরিকল্পনা পর্যায়ে রয়েছে। জলাবদ্ধতা নিরসন, খাল সংস্কার এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

সভায় চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমনসহ ব্যবসায়ী নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা