প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতের সঙ্গে সমঝোতা এনসিপির জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হবে: সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় গেলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

 

রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে তিনি একটি অনির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে দেখেন। তার মতে, আদর্শ, রাজনৈতিক দর্শন কিংবা কৌশলগত দিক থেকে জামায়াতের সঙ্গে সমঝোতা এনসিপির জন্য ক্ষতিকর হতে পারে।

 

সামান্তা শারমিন উল্লেখ করেন, সম্প্রতি জামায়াতের একাধিক শীর্ষ নেতা বলেছেন—‘জুলাই স্পিরিট’ ও রাষ্ট্র পরিচালনা নিয়ে যেসব দল একমত হবে, জামায়াত তাদের সঙ্গে জোট করতে প্রস্তুত। তবে এনসিপির রাজনৈতিক ভিত্তি ও লক্ষ্য জামায়াতের অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। এসব মৌলিক প্রশ্নে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক জোট বা মিত্রতা সম্ভব নয়।

 

এনসিপির এই নেতা আরও বলেন, দলের দেড় বছরের রাজনৈতিক অবস্থানের সঙ্গেই তার বক্তব্য সামঞ্জস্যপূর্ণ। তিনি স্মরণ করিয়ে দেন, নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে জামায়াতের অবস্থান সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে বলেও এনসিপি মনে করে। এ কারণেই দলের আহ্বায়ক আগেই জানিয়েছিলেন—যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোটের সুযোগ নেই।

 

তিনি জানান, জুলাই পদযাত্রার পর থেকেই এনসিপি ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এবং সারা দেশ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে।

 

সবশেষে সামান্তা শারমিন বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং এনসিপি যে স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও নীতির ওপর দাঁড়িয়ে আছে, সেটির প্রতিই তিনি আস্থাশীল। বিএনপি কিংবা জামায়াত—কোনো দলের সঙ্গেই জোট করা এনসিপির ঘোষিত রাজনৈতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে তিনি মনে করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা