প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতসহ আট দলীয় জোট নিয়ে আপত্তি এনসিপির ৩০ নেতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শনিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে নেতারা এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সম্ভাব্য এই জোটের অসামঞ্জস্যতার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, গত এক বছরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠনের বিভাজনমূলক তৎপরতা, অপপ্রচার, গুপ্তচরবৃত্তি ও স্যাবোটাজের অভিযোগ এনসিপির রাজনৈতিক অবস্থানকে চাপে ফেলেছে।

চিঠিতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন সময় এনসিপি ও সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার, নারী নেত্রীদের চরিত্র হননের চেষ্টা এবং ধর্মকে কেন্দ্র করে সামাজিক কর্তৃত্ববাদী প্রবণতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যা দেশের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ।

নেতারা তাদের চিঠিতে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অতীত নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ এনসিপির আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং দীর্ঘমেয়াদে দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় নেতিবাচক প্রভাব ফেলবে। নেতারা স্মরণ করিয়ে দেন, দলের শীর্ষ নেতৃত্ব এর আগে ৩০০ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ইতোমধ্যে প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় অল্প কিছু আসনের জন্য জোটে যাওয়াকে তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন।

নেতারা আরও জানান, জোটের সম্ভাবনার খবর প্রকাশের পর দলের মধ্যপন্থী সমর্থক ও সংগঠকদের একটি বড় অংশ এনসিপির প্রতি আগ্রহ হারাতে শুরু করেছে। এতে নতুন রাজনৈতিক ধারার প্রতি আস্থাশীল ভোটারদের সমর্থন নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

চিঠিতে স্পষ্টভাবে বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতেই রাজনৈতিক কৌশল নির্ধারণ করা উচিত, কৌশলগত কারণে আদর্শিক অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। জামায়াতে ইসলামীসহ কোনো জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন, সংগঠক রফিকুল ইসলাম আইনীসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা