প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন তাসনিম জারা। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব তাসনিম জারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাসনিম জারা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দল ছাড়ার বিষয়টি প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন সাধারণ নাগরিক হিসেবে এলাকার মানুষের সেবাই তার রাজনীতিতে আসার মূল লক্ষ্য। তিনি লেখেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে কাজ করার ইচ্ছা থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তিনি আরও উল্লেখ করেন, এলাকার মানুষ ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা থেকে তিনি সরে আসবেন না। সেই লক্ষ্যেই ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।

তাসনিম জারা তার পোস্টে বলেন, দলীয় প্রার্থী হলে সাংগঠনিক সুবিধা, কর্মীসমর্থন ও প্রশাসনিক যোগাযোগের সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র হিসেবে এসব সুবিধা না থাকলেও তার একমাত্র শক্তি সাধারণ মানুষ। সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতির প্রত্যয়ে ভোটারদের সমর্থন কামনা করেন তিনি।

পোস্টে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে আইনি বিধান অনুযায়ী ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। দ্রুত এই স্বাক্ষর সংগ্রহে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি। পাশাপাশি, পূর্বে যারা নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছেন এবং সিদ্ধান্ত পরিবর্তনের কারণে অর্থ ফেরত নিতে চান, তাদের জন্য ফেরত প্রক্রিয়ার ব্যবস্থাও ঘোষণা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা