প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শরিফ ওসমান হাদির কবরে তারেক রহমানের শ্রদ্ধা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত হাদির কবরস্থানে পৌঁছে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

 

এর আগে সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। তার আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন নেতাকর্মীরা।

 

নিরাপত্তার স্বার্থে টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়। শাহবাগ দিক থেকেও অতিরিক্ত ব্যারিকেড দেওয়া হয় এবং পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী কার্যক্রমের সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের নিকট দাফন করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা