শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম জিজ্ঞাসাবাদে মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তদন্ত সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ৮ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান জানান, রিমান্ড শেষে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—আসামিরা হত্যাকাণ্ডসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে ওই তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় সক্রিয় মানবপাচার ও অবৈধ পণ্য চোরাচালান চক্রের সদস্য ফিলিপের সহযোগী হিসেবে পরিচিত। তারা সম্পর্কে চাচাতো ভাই এবং সীমান্তপথ ব্যবহার করে ভারতে পালাতে সহযোগিতার সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ রয়েছে।
এ ছাড়া মামলার প্রধান পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের দেশত্যাগে এই দুই আসামির সম্পৃক্ততার সম্ভাবনাও তদন্তে উঠে এসেছে বলে জানানো হয়। যদিও জিজ্ঞাসাবাদে তারা কৌশলে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকারের চেষ্টা করছেন বলে দাবি তদন্ত কর্মকর্তার।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সীমান্ত এলাকায় বিজিবি সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকে আটক করে। পরে ১৮ ডিসেম্বর তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর ২১ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়।
এর আগে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করে দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়।