প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণসংবর্ধনার পর ৩০০ ফিট সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা শেষে রাজধানীর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দলটির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের সদস্যদের হাতে ঝাড়ু, বর্জ্য সংগ্রহের বস্তা ও অন্যান্য সরঞ্জাম দেখা যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দাও এই উদ্যোগে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই নির্দেশনা দেন—দলের প্রতিটি কর্মসূচি যেন জনকল্যাণমূলক হয়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা জানান, গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুল মানুষের উপস্থিতির ফলে ওই এলাকায় প্লাস্টিক, ব্যানার, ফেস্টুনসহ নানা ধরনের বর্জ্য জমে যায়। দ্রুত এসব বর্জ্য অপসারণ করে পরিবেশ রক্ষা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করাই ছিল পরিচ্ছন্নতা কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা