প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাবার কবরে তারেক রহমানের শ্রদ্ধা: শেরেবাংলা নগরে আবেগঘন মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পরদিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রায় দুই দশক পর বাবার স্মৃতিবিজড়িত এই স্থানে উপস্থিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগরের শহীদ জিয়ার মাজারে পৌঁছান তারেক রহমান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। মোনাজাত শেষে কিছুক্ষণ নীরবে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। এ সময় আবেগ সামলাতে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায় বিএনপির এই শীর্ষ নেতাকে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান। এরপর রাজনৈতিক বাস্তবতা ও দীর্ঘ নির্বাসনের কারণে আর এখানে আসা সম্ভব হয়নি।

 

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফিরে যান।

 

তারেক রহমানের কবর জিয়ারতকে ঘিরে শুক্রবার দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন হাতে হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

 

জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের কেন্দ্রীয় নেতারা।

 

দলীয় সূত্রে জানা গেছে, শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা