প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছুটির আনন্দে উচ্ছ্বসিত লাখো পর্যটক কক্সবাজারে বেড়েছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫

পর্যটন শহর কক্সবাজারে জেঁকে বসেছে শীত। হিমশীতল হাওয়ায় প্রকৃতি জুড়ে বইছে শীতের পরশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চলতি বছরের মধ্যে কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে যে শীতের প্রকোপ দেখা যাচ্ছে, তা আগামী আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি আরও বেশি হতে পারে।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা রোদের দেখা মিলতে শুরু করেছে। জনজীবনে শীতের প্রভাব পড়লেও ছুটির আনন্দে প্রকৃতির নান্দনিকতা উপভোগে ব্যস্ত দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো পর্যটক। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে ছুটি, সব মিলিয়ে শনিবার পর্যন্ত টানা তিন দিনের ছুটিতে প্রায় তিন লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, শহরে এক দিনে প্রায় দুই লক্ষাধিক পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। টানা ছুটি থাকায় এই মুহূর্তে কোথাও কোনো রুম খালি নেই। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়তি চাপ থাকবে বলে মনে হচ্ছে।

পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে অবকাশ যাপনে আসা পর্যটকেরা উৎসবের আমেজে উচ্ছ্বাসে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে একান্ত সময় কাটাচ্ছেন।

নীলফামারীর ডোমার থেকে আসা শামীমুল ইসলাম বলেন, আমাদের এলাকায় শীতের মৌসুমে অতিরিক্ত ঠান্ডা থাকে। কক্সবাজারে শীত লাগলেও এক ধরনের উষ্ণতা আছে, যা আমার কাছে দারুণ মনে হয়। পরিবার নিয়ে তাই চলে এসেছি, দুই দিন থাকব।

শুধু শহর নয়, জেলার অন্যান্য পর্যটন স্পট যেমন ইনানী, পাটুয়ার টেক, হিমছড়ি ও সেন্টমার্টিনেও অসংখ্য পর্যটক ঘুরে বেড়াচ্ছেন। মেরিন ড্রাইভ সড়কে সংস্কারকাজ চলমান থাকায় সাময়িক ভোগান্তিতেও পড়তে হচ্ছে পর্যটকদের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা