প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসব কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিনে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কর্মসূচির কথা জানান। এ সময় তিনি আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের আরও কিছু কর্মসূচির কথাও তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় অংশ নেবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজ নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

ভোটার হওয়া সংক্রান্ত বিষয়ে এখনো স্পষ্ট করে জানানো হয়নি তিনি নির্বাচন কমিশন নাকি স্থানীয় থানা নির্বাচন অফিসে যাবেন। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, এ বিষয়ে এখনো কমিশনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছায়নি।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে। অপরদিকে, জুলাই অভ্যুত্থানে আহত অনেক ব্যক্তি এখনো পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা